সৌদি আরবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত টাঙ্গাইলের সখীপুর উপজেলার মোশাররফ হোসেনের পরিবারের পাশে থাকার ঘোষণা দিয়েছেন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনের সংসদ সদস্য ও বিএনপি ভাইস চেয়ারম্যান এড. আহমেদ আযম খান। তিনি নিহত মোশারফের দুই ছেলের লেখাপড়া এবং তাদের চাকরির ব্যবস্থা করাসহ পরিবারের সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন।
মঙ্গলবার বেলা এগারোটার দিকে সখিপুর উপজেলার কীর্তনখোলা গ্রামে নিহত মোশারফ হোসেনের বাড়িতে গিয়ে তিনি পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং কিছু আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেন, “মোশারফ তো যুদ্ধে যাননি, তিনি অন্য দেশের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন। আমরা মোশারফের পরিবারের সাথে সমব্যথী এবং বিএনপি এই পরিবারের পাশে সবসময় থাকবে।” তিনি আরও জানান, নিহত মোশারফের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য দূতাবাসের সাথে যোগাযোগ করা হচ্ছে এবং এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত রোববার সন্ধ্যায় সৌদি আরবের আল খারিজ শহরের আল-তোয়াইক বলদিয়া কোম্পানির ক্যাম্পে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় সখীপুর উপজেলার গজারিয়া ইউনিয়নের কীর্ত্তনখোলা গ্রামের মো. মোশারফ হোসেন নিহত হন। এসময় নিহত মোশারফ হোসেনের পরিবারের সদস্যবৃন্দ এবং সখিপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছবুর রেজাসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 
























