বাংলা একাডেমির শামসুর রাহমান মিলনায়তনে লেখক, সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক সাবরিনা বিনতে আহমেদ (সাবরিনা শুভ্রা) রচিত নতুন গ্রন্থ ‘মহাজীবনের উপাখ্যান’–এর মোড়ক উন্মোচন করা হয়েছে।
গত মঙ্গলবার বিকেল ৩টায় প্রকাশনা প্রতিষ্ঠান দশমিকের আয়োজনে এই বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম, গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কেএম বাবর, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন, দৈনিক সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক শায়রুল কবির খান, সাংবাদিক ও কথাসাহিত্যিক এহসান মাহমুদ এবং সাংবাদিক ও উপস্থাপক ফারাবী হাফিজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকাশনা প্রতিষ্ঠান দশমিকের প্রকাশক দীপান্ত রায়হান।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, এই বইটি লেখিকা সাবরিনা শুভ্রার নবম গ্রন্থ। তিনি জানান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবন, সংগ্রাম ও রাজনৈতিক দর্শন নিয়ে রচিত এই বই পাঠকদের নতুনভাবে ভাবতে উদ্বুদ্ধ করবে। তিনি আরও বলেন, “আমি এখানে মন্ত্রী হিসেবে নয়, একজন ছোট বোনের বইয়ের অনুষ্ঠানে এসেছি। সাবরিনা শুভ্রা তার প্রতিভা ও লেখনীর মাধ্যমে দেশের নারী সমাজকে অনুপ্রাণিত করছেন। তাকে দেখে আরও অনেক তরুণী লেখালেখি ও সাংবাদিকতায় এগিয়ে আসবে বলে আমি আশা করি।” প্রতিমন্ত্রী উল্লেখ করেন, গত ১৭ বছরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন বেগম খালেদা জিয়া। নানা প্রতিকূলতা সত্ত্বেও তিনি গণতন্ত্র ও দেশের মানুষের জন্য নিরলসভাবে সংগ্রাম করে গেছেন। তার রাজনৈতিক জীবন, ত্যাগ ও দেশপ্রেম নতুন প্রজন্মের জন্য অনুকরণীয়।
গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম তার বক্তব্যে বলেন, বইটিতে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, সংগ্রাম, নেতৃত্ব ও ব্যক্তিজীবনের নানা দিক বিশ্লেষণধর্মীভাবে তুলে ধরেছেন লেখিকা। এতে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় পাঠকের সামনে নতুনভাবে উন্মোচিত হয়েছে। গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কেএম বাবর বলেন, যিনি বইটি লিখেছেন তিনি একাধারে সাংবাদিক, সাহিত্যিক, লেখক এবং রাজনৈতিক বিশ্লেষক। আর যাকে নিয়ে বইটি লিখেছেন তিনি গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন তার বক্তব্যে দেশে ফ্যাসিবাদের উত্থানের প্রসঙ্গে কথা বলেন।
রিপোর্টারের নাম 
























