দিনাজপুরের নবাবগঞ্জে এক মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। উপজেলার আমরুলবাড়ী (ডাংগাপাড়া) গ্রামের মনু মিয়ার ১১ বছর বয়সী ছেলে শামসকে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত আনুমানিক ৮টার দিকে গ্রামের পাশের একটি ভুট্টা ক্ষেতে শিশুটির রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা।
ঘটনার সূত্রপাত সম্পর্কে জানা যায়, শামসকে কে বা কারা নির্মমভাবে কুপিয়ে মৃত অবস্থায় ভুট্টা ক্ষেতে ফেলে রেখে যায়। স্থানীয়রা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং শামসকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে। নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জ পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলের দিকে রওনা হয়েছেন এবং শিশুর লাশ বর্তমানে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
এদিকে, নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু দে জানিয়েছেন, হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা ঘটনার তদন্ত শুরু করেছেন এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা করছেন। এই ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।
রিপোর্টারের নাম 




















