নরসিংদীতে কিশোরীকে ধর্ষণের পর চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি নুরুল ইসলাম ওরফে নুরাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। একই সময়ে ময়মনসিংহের গৌরীপুর থেকে মামলার অপর এক আসামি হজরত আলীকেও গ্রেপ্তার করা হয়েছে।
নরসিংদীর পুলিশ সুপার (এসপি) আব্দুল্লাহ-আল ফারুক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শুক্রবার রাত ৯টার দিকে মাওনা এলাকায় অভিযান চালিয়ে মামলার মূল অভিযুক্ত নুরাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এই নিয়ে আলোচিত এই মামলায় মোট নয়জন আসামির মধ্যে সাতজনকে গ্রেপ্তার করল আইনশৃঙ্খলা বাহিনী।
মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সকালে নরসিংদী সদর উপজেলার মহিষাশুড়া ইউনিয়নের বিলপাড় ও দড়িকান্দি এলাকার মাঝামাঝি একটি সরিষা ক্ষেত থেকে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। নিহতের পরিবারের অভিযোগ, এর প্রায় ১৫ দিন আগে বাড়ি ফেরার পথে নুরুল ইসলাম নুরার নেতৃত্বে ৫-৬ জন ওই কিশোরীকে অপহরণ করে ধর্ষণ করে। সেই ঘটনার বিচার চাওয়ায় ক্ষিপ্ত হয়ে ওঠে অভিযুক্তরা। গত বুধবার কিশোরীকে তার বাবার সামনে থেকেই জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায় একদল যুবক। এর কয়েক ঘণ্টা পরই তার মরদেহ উদ্ধার করা হয়।
এই নৃশংস ঘটনায় নিহতের মা বাদী হয়ে মাধবদী থানায় নয়জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। পুলিশ জানিয়েছে, মামলার এজাহারভুক্ত বাকি আসামিদের অবস্থান শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে চিরুনি অভিযান অব্যাহত রয়েছে। দ্রুততম সময়ের মধ্যে সব আসামিকে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে জেলা পুলিশ।
রিপোর্টারের নাম 



















