দলমত নির্বিশেষে সকল নাগরিকের মর্যাদা ও সমান অধিকার নিশ্চিত করে একটি নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং প্রতিটি নাগরিকের জন্য সমান সুযোগ তৈরি করাই বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য।
শুক্রবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুরে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন। গণঅধিকার পরিষদ মাদারীপুর জেলা শাখার নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, জাতীয় নির্বাচনের মতো স্থানীয় নির্বাচনেও আপনাদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে। জনগণের দোরগোড়ায় গিয়ে তাদের সমর্থন আদায় এবং যোগ্য প্রার্থী নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ধারাকে শক্তিশালী করতে হবে।
সরকারি সেবার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়ে নুরুল হক নুর বলেন, ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচির সুফল যেন প্রকৃত অভাবী ও ভুক্তভোগী মানুষের কাছে পৌঁছায়, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায়, সচ্ছল ব্যক্তিরা অনৈতিকভাবে প্রতিবন্ধী বা অন্যান্য ভাতা ভোগ করছেন, যা অত্যন্ত দুঃখজনক। এ ধরনের অনিয়ম রোধে স্থানীয় প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য তিনি নেতাকর্মীদের আহ্বান জানান। তিনি আরও যোগ করেন, সরকারের মূল লক্ষ্য হলো মানুষের জন্য কাজ করা এবং জনসমর্থন ধরে রাখা।
পথসভায় গণঅধিকার পরিষদ মাদারীপুর জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় তারা প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নানা বিষয়ে আলোচনা করেন।
রিপোর্টারের নাম 























