জুলাই অভ্যুত্থানের পর আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সম্ভাবনা বা এ সংক্রান্ত কোনো বয়ানকে জনগণ প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। সম্প্রতি এক অনুষ্ঠানে কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহারের দেওয়া একটি মন্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি এ কথা বলেন।
সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে অ্যাডভোকেট জুবায়ের বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৬ বছরের শাসনামলে জামায়াতে ইসলামীসহ বিরোধীমতের ওপর যে চরম নির্যাতন, গুম ও খুন চালানো হয়েছে, তা জাতি দেখেছে। জুলাই অভ্যুত্থানে জামায়াতসহ ছাত্র-জনতার ত্যাগের বিনিময়ে যে নতুন বাংলাদেশ গড়ে উঠেছে, সেখানে ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই।
তিনি আরও বলেন, আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার যেকোনো প্রচেষ্টাকে জনগণ ফ্যাসিবাদের দোসর হিসেবে চিহ্নিত করবে। জামায়াতে ইসলামী জুলাই চেতনা ও গণভোটের রায় বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি জুলাই অভ্যুত্থানের শক্তির সঙ্গে আওয়ামী লীগের তুলনা করার চেষ্টা করেন, তবে তা অনাকাঙ্ক্ষিত ও বিভ্রান্তিকর বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
রিপোর্টারের নাম 
























