নিত্যপণ্যের লাগামহীন ঊর্ধ্বগতি এবং গ্যাস ও বিদ্যুৎ সংকটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি। সোমবার দলটির আমির আল্লামা আব্দুল কাইয়ূম সোবহানী এবং মহাসচিব মাওলানা মূসা বিন ইযহার এক বিবৃতিতে এই শঙ্কা প্রকাশ করেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বর্তমান বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির ফলে সীমিত আয়ের মানুষ ও শ্রমজীবী পরিবারের জীবনযাত্রা অত্যন্ত দুর্বিষহ হয়ে উঠেছে। অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট এবং বাজারের ওপর কার্যকর তদারকির অভাবই এই পরিস্থিতির জন্য দায়ী। এছাড়া শিল্প-কারখানা ও বাসাবাড়িতে গ্যাস-বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে না পারায় জনজীবনে স্থবিরতা নেমে এসেছে।
নেতৃবৃন্দ সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অসাধু মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, বাজার স্থিতিশীল রাখা এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতের সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা এখন সময়ের দাবি। তারা আশা প্রকাশ করেন, জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে সরকার দ্রুত এসব সমস্যা সমাধানে দায়িত্বশীল ভূমিকা পালন করবে।
রিপোর্টারের নাম 






















