মিস ইউনিভার্সখ্যাত অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা এবার ওয়েব ফিল্মে অভিনয় করেছেন। বন্ধুদের নিয়ে নির্মিত গোয়েন্দাধর্মী থ্রিলার ঘরানার ফ্ল্যাশ ফিকশন ‘থার্সডে নাইট’-এ দেখা যাবে তাঁকে। সত্য ঘটনার অনুপ্রেরণায় নির্মিত এই কনটেন্টটি আগামীকাল দিবাগত রাত ১২টায় (২৭ নভেম্বর) ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে।
‘থার্সডে নাইট’ গল্পটি কয়েকজন বন্ধুর বৃহস্পতিবার রাতের আড্ডাকে কেন্দ্র করে। এই আড্ডা তাদের জীবনে প্রশান্তি না এনে বরং জটিলতা সৃষ্টি করে। গল্পটি দেশে ঘটে যাওয়া একটি অপরাধমূলক ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে লেখা হয়েছে। ‘ঘুমপরী’খ্যাত নির্মাতা জাহিদ প্রীতম এটি পরিচালনা করেছেন। তিনি জানান, গল্পটিতে একটি ঘটনাকে তিনি কয়েকজনের দৃষ্টিতে দেখানোর চেষ্টা করেছেন, যা ‘রশোমন ইফেক্ট’ নামে পরিচিত। প্রীতম বলেন, এখানে দর্শকরাই মূল বিচারক হবেন।
প্রকাশিত ট্রেলারে বৃহস্পতিবার রাতের পার্টি, নির্দিষ্ট একটি সময়ের স্মৃতিভ্রম এবং পুলিশের তদন্তে সেই ‘ভুলে যাওয়া সময়’কে খুঁজে বের করার প্রয়াস দেখা গেছে।
এই ফ্ল্যাশ ফিকশনে বন্ধুদের চরিত্রে অভিনয় করেছেন তানজিয়া জামান মিথিলা, সৌম্য জ্যোতি, ফররুখ আহমেদ রেহান, তাওহীদুল তামিলসহ অনেকে। আর পুলিশের চরিত্রে আছেন সামিরা খান মাহি। কাহিনি মূলত মিথিলার সঙ্গে ঘটে যাওয়া এক ঘটনা নিয়ে বন্ধু, পুলিশ এবং একজন ড্রাইভারের নানা ঘটনায় এগিয়ে গেছে। এটি মিথিলা ও মাহির একসঙ্গে প্রথম ফিকশন।
রোমান্টিক কনটেন্ট নির্মাণে সুনাম থাকলেও পরিচালক জাহিদ প্রীতম এবার ইনভেস্টিগেশন থ্রিলার নিয়ে এসেছেন। তিনি বলেন, মিস্ট্রি তাঁর প্রিয় জনরা এবং ভিন্ন গল্প নিয়ে কাজ করার ইচ্ছে থেকেই তিনি এটি বানিয়েছেন। অভিনেতা ফররুখ আহমেদ রেহান তাঁর চরিত্রটি নিয়ে নির্মাতার ভাবনাকে ‘অন্যরকম’ এবং ‘দারুণ’ বলে উল্লেখ করেছেন।
ফ্ল্যাশ ফিকশনটির গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন জাহিদ প্রীতম। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন নকশী তাবাসসুম, পারভেজ সুমন, মেহেদী হাসান মেধা, সাদিদ আদনান ওয়াহিদ, রেহনুমা আলম ঐশী প্রমুখ।
রিপোর্টারের নাম 

























