গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদে গোসল করতে নেমে দুই স্কুলছাত্রের করুণ মৃত্যু হয়েছে। রোববার বেলা ১১টার দিকে টঙ্গীর মিরাশপাড়া নদীবন্দর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করে।
নিহতরা হলেন—টঙ্গী পূর্ব আরিচপুর এলাকার সাইফুল ইসলামের ছেলে আফনান (১১) এবং আনিছুর রহমানের ছেলে শামীম মিয়া (১৩)। তারা স্থানীয় সিরাজউদ্দিন সরকার বিদ্যানিকেতনের যথাক্রমে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে খেলাধুলা শেষে আফনান, শামীম ও শিপন নামের তিন বন্ধু তুরাগ নদে গোসল করতে নামে। সাঁতার কাটার একপর্যায়ে আফনান ও শামীম স্রোতের টানে গভীর পানিতে তলিয়ে যায়। তাদের অপর বন্ধু শিপন দ্রুত তীরে উঠে চিৎকার শুরু করলে স্থানীয়রা বিষয়টি জানতে পারেন। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং দুপুর সাড়ে ১২টার দিকে দুই ছাত্রকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহীন আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নদীবন্দর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফিরোজ মিয়া জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। দুই ছাত্রের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রিপোর্টারের নাম 
























