জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি সম্পন্ন হয়েছে। রোববার ঢাকার বিভাগীয় স্পেশাল জজ আদালতে উভয় পক্ষের শুনানি শেষে বিচারক আদেশের জন্য আগামী ২১ জুলাই দিন ধার্য করেছেন। আলোচিত ‘ছাগলকাণ্ডের’ পর ফেঁসে যাওয়া এই কর্মকর্তা বর্তমানে কারাগারে রয়েছেন।
আদালত সূত্রে জানা গেছে, শুনানির সময় মতিউরের আইনজীবীরা তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন জানান। অন্যদিকে, দুদকের প্রসিকিউটর অভিযোগ গঠনের পক্ষে জোরালো যুক্তি তুলে ধরেন। তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মতিউর রহমান সরকারি পদের অপব্যবহার করে ৫ কোটি ৪০ লাখ টাকার বেশি অবৈধ সম্পদ অর্জন করেছেন এবং সোয়া কোটি টাকারও বেশি সম্পদের তথ্য গোপন করেছেন।
২০২৪ সালের শেষ দিকে মতিউর ও তার পরিবারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলাটি দায়ের করা হয়। তদন্ত শেষে চলতি বছরের ফেব্রুয়ারিতে তার বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন দেয় দুদক। আগামী ২১ জুলাই আদালত সিদ্ধান্ত নেবেন মতিউরের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিচার প্রক্রিয়া শুরু হবে কি না।
রিপোর্টারের নাম 























