বগুড়ার দুপচাঁচিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলার শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা সম্রাট হোসেন বাপ্পা। তিনি দুপচাঁচিয়া সদর ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগের সহ-সভাপতির দায়িত্বে ছিলেন। তার মৃত্যুর খবরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে স্থানীয় জামায়াত।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৫ জুন জমি নিয়ে বিরোধের জেরে এক সংঘর্ষে সম্রাট গুরুতর আহত হন। প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই ঘটনায় নিহতের মা বাদী হয়ে বিএনপি নেতা আব্দুল করিম আকন্দসহ আটজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
পুলিশ জানিয়েছে, মামলার প্রধান অভিযুক্ত আব্দুল করিম ও তার স্ত্রীকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। এদিকে সম্রাটের জানাজা শেষে আজ বিকেলে উপজেলা সদরে বড় ধরনের বিক্ষোভ কর্মসূচি পালন করবে জামায়াতে ইসলামী।
রিপোর্টারের নাম 























