সারাদেশে হামের প্রকোপ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় এই রোগের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩১ জন শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এই উদ্বেগজনক তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত একদিনে ল্যাবরেটরিতে নিশ্চিত হওয়া কোনো হাম রোগীর মৃত্যু না হলেও উপসর্গ নিয়ে সাতজন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৪৫ জনে। এছাড়া পরীক্ষায় হাম নিশ্চিত হওয়া আরও ৯৩ জন মারা গেছেন। সব মিলিয়ে দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৩৮ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ১০৬ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে এবং ৯২৫ জন শিশু উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে। বর্তমানে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৮৭৮ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯০৪ জন।
গত মার্চ মাস থেকে এ পর্যন্ত দেশে মোট ১ লাখ ৫ হাজার ৬১৮ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ১২ হাজার ৬৩২ জনের শরীরে ভাইরাসের উপস্থিতি নিশ্চিত করা গেছে। এ পর্যন্ত মোট ৮৮ হাজার ৮৪৪ জন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন, যাদের মধ্যে ৮৫ হাজার ১২২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের দ্রুত টিকা নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন।
রিপোর্টারের নাম 






















