জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রু। রোববার বেলা সাড়ে ১১টায় জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। দায়িত্ব গ্রহণের পর এটিই বিরোধীদলীয় নেতার সঙ্গে রাষ্ট্রদূতের প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ।
বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল নির্বাচন-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক চ্যালেঞ্জ, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং রোহিঙ্গা সংকট মোকাবিলা। এ ছাড়া গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালীকরণ ও জুলাই অভ্যুত্থান-পরবর্তী সংস্কার প্রক্রিয়া নিয়েও তারা মতবিনিময় করেন।
স্পেনের রাষ্ট্রদূত বাংলাদেশ ও স্পেনের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন। অন্যদিকে বিরোধীদলীয় নেতা বাংলাদেশের উন্নয়নে স্পেনের সহযোগিতার প্রশংসা করেন এবং ফিলিস্তিন ইস্যুতে স্পেনের অবস্থানের জন্য ধন্যবাদ জানান। বৈঠকে বিরোধীদলীয় নেতার উপদেষ্টাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 






















