ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সেশেলসের দেওয়া একটি রাষ্ট্রীয় সম্মাননার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি এই সম্মাননাকে ভারতের জন্য ‘বিব্রতকর’ বলে মন্তব্য করেন। তবে তার এই দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ভারত ও সেশেলস কর্তৃপক্ষ।
খাজা আসিফ দাবি করেন, মোদির সফরের মাত্র কয়েক দিন আগে এই সম্মাননাটি তড়িঘড়ি করে চালু করা হয়েছে। এমনকি সম্মাননা সনদগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা হয়েছে এবং সেখানে বানান ভুল ছিল বলেও তিনি অভিযোগ করেন। যদিও তার এই দাবির স্বপক্ষে কোনো প্রমাণ তিনি দিতে পারেননি। পাকিস্তানি এই মন্ত্রীর মতে, এটি নিছক একটি প্রচারণার কৌশল বা অতিরিক্ত রাজনৈতিক পক্ষপাতের উদাহরণ।
এদিকে পাকিস্তানের এমন মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে ভারত। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, সংশ্লিষ্ট বিষয়ে জ্ঞান না রেখেই খাজা আসিফ এমন মন্তব্য করেছেন। সেশেলসের রাষ্ট্রপতির কার্যালয় থেকেও বিষয়টি স্পষ্ট করা হয়েছে। এক বিবৃতিতে জানানো হয়, ‘অর্ডার অফ দ্য গার্ডিয়ান অফ দ্য ব্লু হরাইজন’ পুরস্কারটি দেশটির জাতীয় আইনের অধীনে যথাযথ নিয়ম মেনেই প্রধানমন্ত্রী মোদিকে প্রদান করা হয়েছে। সমুদ্র অর্থনীতি ও এর সুরক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা দেওয়া হয়।
রিপোর্টারের নাম 






















