সাতক্ষীরার দেবহাটা উপজেলায় একটি মৎস্যঘেরে ডাকাতির সময় বাধা দেওয়ায় ইয়াদিন আলী মোল্লা (৫০) নামের এক চাষিকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। রোববার ভোররাতে উপজেলার পারুলিয়া ইউনিয়নের ঘুরনচণ্ডী এলাকায় এই বর্বরোচিত ঘটনা ঘটে। আহত ইয়াদিন আলী দক্ষিণ পারুলিয়া গ্রামের মৃত সামসুদ্দিন মোল্লার ছেলে। এই ঘটনায় ভুক্তভোগী পরিবার দেবহাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
আহত ইয়াদিন আলী জানান, প্রতিদিনের মতো তিনি রাতে নিজের ঘের পাহারা দিচ্ছিলেন। ভোর ৪টার দিকে একদল সশস্ত্র ডাকাত ঘেরে নেমে মাছ লুট করতে শুরু করে। তিনি বাধা দিতে গেলে ডাকাতরা তার ওপর অতর্কিত হামলা চালায়। এসময় তিনি হামলাকারীদের মধ্যে একজনকে চিনে ফেললে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপানো হয়। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে ডাকাতরা পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এলাকার মৎস্যচাষিদের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র এলাকায় এমন লুটতরাজ চালিয়ে আসছে। অস্ত্রের মুখে প্রতিবাদ করতে না পেরে তারা চরম আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন। দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
রিপোর্টারের নাম 

























