হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহদী হাসানের ওপর হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে এই ঘটনা ঘটে।
ছাত্র আন্দোলনের কর্মীরা জানান, সম্প্রতি মাহদী হাসানের ওপর ঘটে যাওয়া একটি হামলা চেষ্টার সিসিটিভি ফুটেজ যাচাইয়ের জন্য তিনি জেলা প্রশাসক কার্যালয়ে একটি লিখিত আবেদন জমা দিতে গিয়েছিলেন। আবেদন জমা দিয়ে ফেরার পথে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণেই একদল যুবক তাকে থামিয়ে এলোপাতাড়ি মারধর শুরু করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক আলমগীর হাসান আবিদ জানান, গত কয়েকদিন ধরেই মাহদী হাসানের ওপর হামলার চেষ্টা চলছিল। আজ জেলা প্রশাসক কার্যালয়ে আবেদন জমা দিতে গেলে সেখানে তার ওপর অতর্কিত হামলা চালানো হয়। এর আগে, গতকাল বুধবার মাহদী হাসান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার চেষ্টার অভিযোগ তুলেছিলেন।
এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক বলেন, জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে মাহদী হাসানকে মারধরের একটি ঘটনার তথ্য পুলিশ পেয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ ও অন্যান্য উপায়ে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টারের নাম 

























