বেসরকারি খাতের চাকরিজীবীদের অবসর-পরবর্তী আর্থিক নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সর্বজনীন পেনশন কর্মসূচিতে নতুন সুবিধা যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। এই প্রস্তাব অনুযায়ী, অবসর গ্রহণের সময় অংশগ্রহণকারীরা তাদের জমা করা মোট অর্থের ৩০ শতাংশ এককালীন গ্র্যাচুইটি হিসেবে পাবেন।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই প্রস্তাব পেশ করেন। তিনি বলেন, সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে আরও কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক করতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। এর অংশ হিসেবে বেসরকারি খাতের কর্মীদের জন্য চালু করা সর্বজনীন পেনশন তহবিলের আওতায় অবসর গ্রহণকালে মোট সঞ্চিত অর্থের ৩০ শতাংশ গ্র্যাচুইটি হিসেবে প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রস্তাবিত বাজেট কার্যকর হলে বেসরকারি চাকরিজীবীরা অবসরের পর নিয়মিত পেনশনের পাশাপাশি এককালীন একটি উল্লেখযোগ্য অর্থ হাতে পাবেন, যা তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
এবারের বাজেটে সামাজিক সুরক্ষা কর্মসূচি সম্প্রসারণ, নারী ও প্রবীণদের সহায়তা বৃদ্ধি, প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়ানো এবং সর্বজনীন পেনশন ব্যবস্থাকে আরও শক্তিশালী করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।
রিপোর্টারের নাম 


















