কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশ বিশেষ অভিযানে ৬ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। এ সময় ইয়াবা বহনে ব্যবহৃত একটি টমটমও জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) ভোর রাতে উপজেলার জালালাবাদ ইউনিয়নের পূর্ব লরাবাগ এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
থানা সূত্রে জানা গেছে, এসআই মুজিবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঈদগাঁও বাজার এলাকায় টহল দিচ্ছিল। ভোর রাত সোয়া ৩টার দিকে একটি মিনি টমটম গাড়ি দ্রুত গতিতে সন্দেহজনকভাবে যেতে দেখে পুলিশের সন্দেহ হয়। পুলিশ দল টমটমটিকে ধাওয়া করে এরশাদ স্টোরের সামনে থামায়। এরপর টমটমে থাকা তিনজনকে আটক করা হয়। তল্লাশি করে একজনের কাছ থেকে ৪ হাজার পিস এবং আরেকজনের কাছ থেকে ২ হাজার পিস ইয়াবাসহ মোট ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ইয়াবা বহনে ব্যবহৃত টমটমটিও জব্দ করা হয়। অভিযান পরিচালনাকারী কর্মকর্তা এসআই মুজিবুর রহমান জানান, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১৮ লক্ষাধিক টাকা হতে পারে।
গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা হলো উপজেলার পোকখালী ইউপির মধ্যম পোকখালীর জিল্লুর রহমান (২৫) ও কবির আহম্মদের ছেলে মো. কাইয়ুম (২৭) এবং ইসলামাবাদ ইউপির ওয়াহেদর পাড়ার মো. কালুর ছেলে মো. নুরুল হুদা ভুট্টু (২৫)।
থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম সিফাতুল মাজদার জানান, পুলিশ সুপারের নির্দেশে থানা জুড়ে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়। বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।
রিপোর্টারের নাম 























