অভিনয় জগতে অল্প সময়েই নিজের পরিচিতি গড়ে তোলা আনিকা আইরা বিরতির পর নতুন একটি নাটকে অভিনয় করেছেন। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে নির্মিত এই নাটকটির নাম ‘আমাকে দুঃখ দিও না’। এতে তিনি সমকালীন জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসারের বিপরীতে অভিনয় করেছেন। নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন সেরনিয়াবাত শাওন।
ইংরেজী সাহিত্যে পড়াশোনা করা আনিকা আইরা সম্প্রতি তার জন্মদিনে এই নতুন কাজের খবর জানান। তিনি বলেন, ‘খায়রুল বাশার ভাইয়ের সঙ্গে এর আগে ‘আমি এখানেই থাকবো’ নাটকে অভিনয় করে দর্শকপ্রিয়তা পেয়েছিলাম। পড়াশোনার ব্যস্ততার কারণে কিছুদিন অভিনয় থেকে দূরে ছিলাম। তবে ‘আমাকে দুঃখ দিও না’ নাটকটির গল্প আমার ভীষণ ভালো লেগেছে। এটি সেরনিয়াবাত শাওন ভাইয়ের নিজের লেখা। তিনি শুটিংয়ের প্রতিটি খুঁটিনাটি বিষয় খুব যত্ন সহকারে সম্পন্ন করেছেন। তার সঙ্গে এটাই আমার প্রথম কাজ এবং অভিজ্ঞতা খুবই আনন্দদায়ক। খায়রুল বাশার ভাইও খুব সহযোগিতাপূর্ণ। আশা করি, দর্শকদের এই নাটকটি ভালো লাগবে।’
আনিকা আইরা আরও জানান, তিনি এখনও পুরোপুরি পেশাদার অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেননি। পড়াশোনা শেষ করার পর অভিনয়ে নিয়মিত হওয়ার ইচ্ছা রয়েছে তার। মোস্তফা কামাল রাজের ‘মনের সাথী’ নাটকের মাধ্যমে তার পেশাগত যাত্রা শুরু হলেও, রাজেরই ‘লাইক ফাদার লাইক সন’ নাটকে অভিনয় করে তিনি প্রথম আলোচনায় আসেন। এরপর তিনি ‘আমার বউ সব জানে’, ‘আমি এখানেই থাকবো’, ‘দেখা হওয়ার কথা ছিলো’, ‘আপন যে জন’, ‘কাঠগোলাপের গল্প’সহ আরও বেশ কিছু নাটকে অভিনয় করেছেন।
রিপোর্টারের নাম 

























