বিশ্বব্যাপী চলমান সংঘাত ও সহিংসতা বন্ধের আহ্বান জানিয়ে নতুন গান ‘যুদ্ধ’ প্রকাশ করেছে দেশের জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন। এটি তাদের নবম অ্যালবামের প্রথম গান, যা এখন শিরোনামহীনের ইউটিউব চ্যানেল ও ফেসবুকে শোনা যাচ্ছে। জিয়াউর রহমান জিয়ার কথায় গানটির সুর করেছেন জিয়াউর রহমান ও কাজী আহমেদ শাফিন।
‘পৃথিবীর সব মিসাইল ফড়িং হয়ে উড়ে যাক, ড্রোন থেকে বোমার পরিবর্তে ঝরে পড়ুক ফুল, গ্রেনেডের মুখে ফুটুক রক্তগোলাপ, পৃথিবীর সব সংঘাত বদলে যাক শান্তিতে’—এমন মর্মস্পর্শী কথার মধ্য দিয়ে গানটিতে যুদ্ধ বন্ধের আকুতি জানিয়েছে দলটি।
গানটি প্রসঙ্গে ব্যান্ডটির দলনেতা, বেজ গিটারিস্ট ও গীতিকার জিয়াউর রহমান জিয়া বলেন, ২০২৫ সালে বিশ্বজুড়ে যুদ্ধ, সংঘাত ও সহিংসতায় প্রায় ২ লাখ ৪৫ হাজার মানুষ প্রাণ হারিয়েছে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অন্যতম প্রাণঘাতী বছর। আমরা যুদ্ধ নয়, শান্তি চাই এবং আমাদের গানে সেই বার্তাই তুলে ধরেছি। শিরোনামহীনের এই গানের ভিডিওচিত্রটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে নির্মিত হয়েছে, যেখানে যুদ্ধক্ষেত্রের ভয়াবহ চিত্র ফুটে উঠেছে।
১৯৯৬ সালে প্রতিষ্ঠার পর থেকে প্রায় তিন দশক ধরে শিরোনামহীন দর্শক ও শ্রোতাদের অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়ে আসছে। ২০০৪ সালে প্রকাশিত তাদের প্রথম অ্যালবাম ‘জাহাজী’ দিয়ে ব্যান্ডটি শ্রোতাদের কাছে পরিচিতি লাভ করে। ‘হাসিমুখ’ ও ‘জাহাজী’ গান দুটি ব্যাপক জনপ্রিয়তা পায়। এ পর্যন্ত আটটি পূর্ণাঙ্গ অ্যালবাম, একাধিক একক গান ও মৌলিক চলচ্চিত্র সংগীত প্রকাশ করেছে ‘শিরোনামহীন’। সর্বশেষ প্রকাশ হয় তাদের অ্যালবাম ‘বাতিঘর’
বর্তমানে ‘শিরোনামহীনের’ লাইনআপে রয়েছেন জিয়াউর রহমান, কাজী আহমেদ শাফিন, শেখ ইশতিয়াক, সাইমন চৌধুরী এবং সুদীপ্ত সিনহা দীপু। ব্যান্ডটি তাদের নবম স্টুডিও অ্যালবামের কাজও দ্রুত এগিয়ে নিচ্ছে, যদিও অ্যালবামের নাম এখনও চূড়ান্ত হয়নি। বেশ কিছু নতুন গান নিয়েই তৈরি হবে এই অ্যালবাম। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইউরোপ সফরের পরিকল্পনাও রয়েছে এই জনপ্রিয় ব্যান্ডটির।
রিপোর্টারের নাম 

























