ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি আহমদ আবদুল কাইয়ূম বলেছেন, জাতীয় সংসদকে বিনোদন কেন্দ্রে রূপান্তরের সর্বোচ্চ চেষ্টা চলছে। শুক্রবার এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন।
আহমদ আবদুল কাইয়ূম বলেন, সাধারণ মানুষ কষ্টার্জিত অর্থ উপার্জন করে এবং প্রবাসীরা স্বজনদের কাছ থেকে দূরে থেকে অর্থ দেশে পাঠায়। সেই অর্থের ওপর কর আরোপ করে রাষ্ট্র পরিচালিত হয়। কিন্তু জাতীয় সংসদের অধিবেশন শুরু হওয়ার পর থেকে অপ্রাসঙ্গিক আলোচনার মাধ্যমে জনগণের অর্থের অপচয় করা হচ্ছে, যা দেখে মনে হয় সংসদকে একটি বিনোদন কেন্দ্রে পরিণত করার চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, সংসদ সদস্যদের মনে রাখা উচিত যে, সংসদ অধিবেশনে প্রতি মিনিটে প্রায় ৩ লাখ টাকা খরচ হয়। জনগণের আমানত তাদের কাছে রয়েছে। তারা এই আমানতের খেয়ানত করে জনগণের অভিশাপ অর্জন করছেন কিনা, তা ভেবে দেখা উচিত। আমরা সংসদকে একটি কার্যকরী আইনসভা হিসেবে দেখতে চাই। অপ্রাসঙ্গিক আলোচনার কারণে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আড়ালে চলে যাচ্ছে। এই বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যকরী হস্তক্ষেপ কামনা করছি।
রিপোর্টারের নাম 




















