রাজধানীর কদমতলী থানার জুরাইন নবারুন গলিতে স্থানীয় মাদক কারবারিদের প্রতিবাদ করায় আব্দুল কুদ্দুস (৫০) নামের এক সবজি ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতের স্বজনদের অভিযোগ, স্থানীয় মাদক কারবারি মনির ও ফিরোজের মাদক ব্যবসার প্রতিবাদ করায় আব্দুল কুদ্দুসকে হত্যা করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শুক্রবার ঢামেক হাসপাতালে নিহতের মা রানু বেগম জানান, রাতে জুরাইন নবারুন গলির একটি চায়ের দোকানের সামনে কুদ্দুস আড্ডা দিচ্ছিলেন। এ সময় কয়েকজন যুবক তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তিনি আরও জানান, হত্যাকারীরা কুদ্দুসের পূর্ব-পরিচিত এবং তাদের মধ্যে প্রায় সপ্তাহখানেক আগে কোনো বিষয় নিয়ে তর্কবিতর্ক হয়েছিল। কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানা জানান, ময়নাতদন্তের জন্য লাশ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদকসংক্রান্ত বিষয় নিয়ে তাদের মধ্যে পূর্বের দ্বন্দ্বের জেরেই এই হত্যাকাণ্ড ঘটতে পারে। নিহতের বাড়িওয়ালা কামাল শিকদারও মাদক কারবারি মনির ও ফিরোজের সঙ্গে কুদ্দুসের তর্কবিতর্কের বিষয়টি নিশ্চিত করেছেন।
আব্দুল কুদ্দুস মাদারীপুর জেলার শিবচর উপজেলার বাসিন্দা ছিলেন। তিনি দুই কন্যা সন্তানের জনক এবং পূর্ব জুরাইনে পরিবারের সাথে ভাড়া বাসায় বসবাস করতেন।
রিপোর্টারের নাম 






















