বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর ‘দুই দেশ এক হওয়া’ এবং ‘ভারত ও বাংলাদেশের ১৪০ কোটি ও ২০ কোটি মানুষ মিলে একসঙ্গে বিশ্বশক্তিতে পরিণত হওয়া’ বিষয়ক মন্তব্যে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম এই মন্তব্যকে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র বলে আখ্যায়িত করেছেন।
শনিবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের যাত্রাবাড়ী থানা শাখার এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, ভারতীয় হাইকমিশনারের এ ধরনের বক্তব্যে আমরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে চরম উদ্বিগ্ন। তার এই বক্তব্যের মাধ্যমে কী বোঝাতে চাওয়া হয়েছে, তা স্পষ্ট করার জন্য সরকারের দ্রুত উদ্যোগ নেওয়া উচিত।
তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবেই ত্রিবেদী এমন বক্তব্য দিয়েছেন। তিনি যে ব্যাখ্যাই দিন না কেন, তা গ্রহণযোগ্য হবে না। ত্রিবেদীর বক্তব্য খতিয়ে দেখার পাশাপাশি এ ব্যাপারে বাংলাদেশ সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। মাওলানা কাইয়ূম হুশিয়ারি উচ্চারণ করে বলেন, ভারতের আশীর্বাদ নিয়ে দেশ চালাতে চাইলে দেশপ্রেমিক জনতা কাউকে ছাড়বে না। তিনি ত্রিবেদীকে বাংলাদেশ থেকে বিতাড়নেরও দাবি জানান।
যাত্রাবাড়ী থানা সহ-সভাপতি হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক মাওলানা কেএম শরীয়াতুল্লাহ ও নির্বাহী সদস্য হাফেজ মো. সালাউদ্দিন প্রমুখ।
রিপোর্টারের নাম 






















