প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার দশম বৈঠকে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ এবং ‘দ্য পাবলিক এক্সামিনেশনস (অফেন্সেস) (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ২০২৬’-এর খসড়া নীতিগতভাবে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) জাতীয় সংসদ ভবনে এই গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়, যেখানে দেশের আইন ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আনার লক্ষ্যে দুটি আইনের খসড়া উপস্থাপন করা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে উপস্থাপিত ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’-এর খসড়ায় বলা হয়েছে, সময়ের সাথে সাথে জুয়ার বিস্তারে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পেয়েছে, যার ফলে অনলাইন ও অফলাইনে বিভিন্ন ধরনের জুয়া কার্যক্রম ব্যাপক আকার ধারণ করছে। জনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রবণতা হ্রাস, আর্থসামাজিক ও মানসিক ক্ষয়ক্ষতি প্রতিরোধে এসব জুয়া কার্যক্রমের ওপর যথাযথ তত্ত্বাবধান ও আইনি কাঠামো প্রদান অত্যন্ত জরুরি। এই প্রেক্ষাপটে, ১৮৬৭ সালের ‘দ্য পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট’ সংশোধন করে নতুন ও যুগোপযোগী আইনটি প্রণয়ন করা হয়েছে।
প্রস্তাবিত জুয়া প্রতিরোধ আইনের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে জুয়া খেলা, জুয়ার স্থান, জুয়ার সামগ্রী, ডিজিটাল সম্পদ, ডিজিটাল গ্যাম্বলিং প্ল্যাটফর্ম, ডিজিটাল ওয়ালেট, টোটালাইজেটর, অনলাইন ও দূরবর্তী জুয়া, বাজি বা পণ (বেটিং), বাজিকর (বুকমেকার), ম্যাচ ফিক্সিং বা স্পট ফিক্সিংসহ জুয়া সংক্রান্ত বিভিন্ন বিষয়ের সুনির্দিষ্ট সংজ্ঞা। এছাড়াও, অপরাধের প্রকৃতি ভেদে বিভিন্ন ধরনের শাস্তি যেমন অর্থদণ্ড, কারাদণ্ড এবং উভয়দণ্ডের বিধান রাখা হয়েছে। মন্ত্রিসভার অনুমোদনের পর আইনটির খসড়া এখন লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে চূড়ান্ত রূপ পাবে।
একই বৈঠকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উদ্যোগে ‘দ্য পাবলিক এক্সামিনেশনস (অফেন্সেস) (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ২০২৬’-এর খসড়াও চূড়ান্ত অনুমোদন পেয়েছে। দেশের পাবলিক পরীক্ষাসমূহে নকল, প্রশ্নফাঁস, জাল সনদ প্রস্তুত এবং অন্যান্য অনিয়ম প্রতিরোধের লক্ষ্যে ১৯৮০ সালে প্রণীত বিদ্যমান আইনটি বর্তমান প্রযুক্তির ব্যাপক ব্যবহারের কারণে এবং ডিজিটাল পদ্ধতিতে পরীক্ষা সংক্রান্ত অপরাধ বৃদ্ধির প্রেক্ষাপটে সময়োপযোগী ছিল না। নতুন এই আইন পাবলিক পরীক্ষাসমূহে সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে সংঘটিত অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 




















