উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য ও নতুন ডিজাইনের ৫ টাকা মূল্যমানের নতুন নোট বাজারে ছেড়েছে কেন্দ্রীয় ব্যাংক। প্রাথমিকভাবে মতিঝিল অফিস থেকে এই নোট ইস্যু করা হয়েছে এবং পর্যায়ক্রমে অন্যান্য শাখায় তা সরবরাহ করা হবে। ‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ সিরিজের অংশ হিসেবে এই নোটটি তৈরি করা হয়েছে।
নতুন এই নোটের সম্মুখভাগে ঢাকার ঐতিহাসিক ‘তারা মসজিদ’ এবং ব্যাকগ্রাউন্ডে জাতীয় ফুল শাপলার নকশা রয়েছে। নোটের অপর পাশে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিবাহী ‘গ্রাফিতি-২০২৪’ মুদ্রিত হয়েছে। ১১৭ মিলিমিটার দৈর্ঘ্য ও ৬০ মিলিমিটার প্রস্থের এই নোটে নিরাপত্তা জলছাপ হিসেবে রয়েল বেঙ্গল টাইগারের মুখ এবং ইলেকট্রোটাইপ ‘৫’ ব্যবহার করা হয়েছে। এছাড়া জাল টাকা প্রতিরোধে এতে দুই মিলিমিটার প্রশস্ত বিশেষ নিরাপত্তা সুতা যুক্ত করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, নতুন নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত সব ধরনের ৫ টাকার নোট ও মুদ্রা আগের মতোই সচল থাকবে। আগ্রহী সংগ্রাহকরা কারেন্সি মিউজিয়াম থেকে বিশেষ নমুনা সংগ্রহ করতে পারবেন।
রিপোর্টারের নাম 

























