ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা, যা জীবনের প্রতিটি ক্ষেত্রে দিকনির্দেশনা প্রদান করে। মানুষের আত্মিক ও শারীরিক সুস্থতার প্রতিও ইসলামে বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শে এমন কিছু খেলাধুলা ও শারীরিক প্রশিক্ষণের দৃষ্টান্ত পাওয়া যায়, যা আজও সবার জন্য অনুসরণীয়।
ইসলাম মূলত কয়েকটি গুরুত্বপূর্ণ খেলাধুলায় উৎসাহ দেয়, যা শারীরিক সক্ষমতা বৃদ্ধি ও আত্মরক্ষায় সহায়ক। এর মধ্যে অন্যতম হলো তীরন্দাজি। ইসলামের প্রাথমিক যুগে এটি গুরুত্বপূর্ণ সামরিক প্রশিক্ষণ হিসেবে বিবেচিত হতো। রাসূলুল্লাহ (সা.) তীর নিক্ষেপ শেখাকে উৎসাহিত করেছেন এবং এটিকে মর্যাদাপূর্ণ কাজ হিসেবে উল্লেখ করেছেন। একটি হাদিসে এসেছে, “তোমরা তীর নিক্ষেপ করো এবং অশ্বারোহণ করো; তবে তোমাদের তীর নিক্ষেপ করাই আমার কাছে বেশি প্রিয়।” (মুসলিম ১৯১৮)
ঘোড়দৌড় ছিল সে যুগের প্রধান বাহন এবং যুদ্ধের প্রস্তুতির অন্যতম মাধ্যম। রাসূলুল্লাহ (সা.) নিজেও ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করেছেন। হযরত আবদুল্লাহ ইবন ওমর (রা.) বলেন, “রাসূলুল্লাহ (সা.) ঘোড়াগুলোর মধ্যে প্রতিযোগিতার আয়োজন করেছিলেন।” (বুখারি ২৮৭০)
সাঁতার একটি জীবনরক্ষাকারী দক্ষতা। ইসলাম মানুষকে উপকারী জ্ঞান ও প্রশিক্ষণ অর্জনে উৎসাহিত করে। রাসূলুল্লাহ (সা.) বলেছেন, “আল্লাহর স্মরণবিহীন সবকিছুই অনর্থক, তবে চারটি বিষয় ব্যতীত… তার মধ্যে রয়েছে সাঁতার শিক্ষা।” (নাসাঈ ৮৯৪০)
পরিবারে আনন্দ ও সৌহার্দ্য সৃষ্টির জন্য বৈধ বিনোদনের দৃষ্টান্তও স্থাপন করেছেন রাসূলুল্লাহ (সা.)। হযরত আয়েশা (রা.) বলেন, “রাসূলুল্লাহ (সা.) আমার সঙ্গে দৌড় প্রতিযোগিতা করেছিলেন, তখন আমি তাঁকে হারিয়ে দিয়েছিলাম।” (আবু দাউদ ২৫৭৮)
কুস্তি শক্তি, সহনশীলতা ও আত্মরক্ষার গুরুত্বপূর্ণ মাধ্যম। সীরাতগ্রন্থে বর্ণিত আছে যে, নবীজি (সা.) মক্কার প্রসিদ্ধ মল্লযোদ্ধা রুকানাকে কুস্তিতে পরাজিত করেছিলেন। এ ঘটনা প্রমাণ করে যে, একজন মুমিনের শারীরিক শক্তিও গুরুত্বপূর্ণ সম্পদ। রাসূলুল্লাহ (সা.) বলেছেন, “শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে উত্তম এবং আল্লাহর নিকট অধিক প্রিয়।” (মুসলিম ২৬৬৪)
সংক্ষেপে, যে সকল খেলাধুলা মানুষের দক্ষতা, মনোযোগ ও আত্মরক্ষার সক্ষমতা বৃদ্ধি করে, ইসলাম সেগুলোকে উৎসাহিত করেছে। ঘোড়া প্রশিক্ষণ, লক্ষ্যভেদ এবং যুদ্ধ প্রস্তুতির বিভিন্ন অনুশীলন এ শ্রেণির অন্তর্ভুক্ত। হাদিসে এসেছে, “নিশ্চয়ই আল্লাহ একটি তীরের মাধ্যমে তিন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন—তীর প্রস্তুতকারী, তীর নিক্ষেপকারী এবং যে তাকে সহযোগিতা করে।”
রিপোর্টারের নাম 

























