কক্সবাজারের উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। শুক্রবার (১৯ জুন) মধ্যরাতে এই অভিযান চালানো হয়।
আটককৃত মাদক কারবারির নাম মো. কাদের (৩৮)। তিনি কক্সবাজার জেলার উখিয়া উপজেলার শিয়ালীপাড়া গ্রামের মৃত জালালের ছেলে। বিজিবির উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার রাত আড়াইটার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়নের অধীনস্থ বালুখালী বিওপি’র বিশেষ টহল দল সীমান্ত পিলার বিআরএম-২১ থেকে আনুমানিক ১.৫ কিলোমিটার দক্ষিণ দিকে এবং বিওপি থেকে আনুমানিক ১.৩ কিলোমিটার দক্ষিণ দিকে বাংলাদেশের অভ্যন্তরে চৌধুরীর ঘের নামক স্থানে অবস্থান নেয়। রাত ৩টার দিকে মিয়ানমারের দিক থেকে একজন বাংলাদেশী নাগরিককে চৌধুরীর ঘেরের দিকে আসতে দেখে সন্দেহ হয়।
পরে বিজিবির টহল দল ওই ব্যক্তিকে চ্যালেঞ্জ করে এবং তল্লাশি চালিয়ে তার হাতে থাকা কাপড়ের একটি পোটলার মধ্যে পেঁচানো খাকী রঙের প্যাকেটের ভেতর নীল রঙের ১৪ কার্টুন (১ লাখ ৪০ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি স্বীকার করে যে, সে মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা ক্রয় করে অধিক দামে বিক্রির জন্য বহন করছিল।
উখিয়া বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম আরও জানান, মাদক সরবরাহকারী এবং জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
রিপোর্টারের নাম 






















