হবিগঞ্জের মাধবপুর উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জহির মিয়া (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের বাদশা গেট এলাকায় একটি যাত্রীবাহী বাসের চাপায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জহির মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের ফিরোজ আলীর ছেলে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, ঢাকাগামী মামুন পরিবহনের একটি বাস দ্রুতগতিতে এসে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জহির মিয়ার মৃত্যু হয়।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে।
রিপোর্টারের নাম 
























