বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি সরকারের প্রতি সতর্কবার্তা উচ্চারণ করে বলেছেন, ইসলামী ব্যাংক নিয়ে যদি সরকার সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়, তবে দেশের অর্থনীতি মারাত্মক হুমকির মুখে পড়বে। তিনি জোর দিয়ে বলেন, ইসলামী ব্যাংক কেবল একটি গতানুগতিক ব্যাংক নয়, বরং এটি দেশের অর্থনীতির মেরুদণ্ড। দেশের অর্থনীতিতে ইসলামী ব্যাংকের যে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে, সেই ধারা অব্যাহত রাখতে হলে এর প্রকৃত মালিকদের সমন্বয়ে পরিচালনা পর্ষদ গঠন করা অপরিহার্য। তিনি আরও দাবি করেন, এস আলম গ্রুপের মাধ্যমে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা হোক এবং ইসলামী ব্যাংকের অভ্যন্তরে থাকা এস আলমের অনুগত ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।
শুক্রবার জামায়াতে ইসলামী শ্যামপুর জোন আয়োজিত বাছাইকৃত সদস্য (রুকন) শিক্ষাশিবির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. মাসুদ এই মন্তব্য করেন। তিনি বলেন, জনগণের আমানতের সুরক্ষা নিশ্চিত করতে হলে সৎ ও যোগ্য আদর্শিক ব্যক্তিদের সমন্বয়ে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ গঠন করা উচিত। দেশের অর্থনীতিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামী সরকারকে প্রয়োজনীয় সহযোগিতা করতে প্রস্তুত বলেও জানান তিনি। তিনি উল্লেখ করেন যে, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় রাষ্ট্রের উন্নয়ন অগ্রযাত্রায় সরকার ও বিরোধী দল উভয়েরই সমান ভূমিকা রাখা প্রয়োজন, এবং জামায়াতে ইসলামী সেই ভূমিকা পালনের মাধ্যমেই এগিয়ে চলেছে। দেশ ও জাতির যেকোনো প্রয়োজনে জামায়াতে ইসলামী সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করবে বলে তিনি আশ্বস্ত করেন।
ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও শ্যামপুর জোন পরিচালক সৈয়দ জয়নুল আবেদীন এমপির সভাপতিত্বে এবং সহকারী জোন পরিচালক ও কদমতলী মধ্য থানা আমির মোহাম্মদ মহিউদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত এই শিক্ষাশিবিরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির। এছাড়াও বক্তব্য রাখেন মহানগরীর ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা মুফতি মহিউদ্দিন, কদমতলী জোনের সহকারী পরিচালক আব্দুর রহিম জীবন, এবং যাত্রাবাড়ী থানা আমির মাওলানা সাদিক বিল্লাহ প্রমুখ।
রিপোর্টারের নাম 




















