দেশে সিগারেটের ওপর উচ্চ হারে কর আরোপের ফলে হিতে বিপরীত পরিস্থিতি তৈরি হয়েছে। কর বৃদ্ধির কারণে ধূমপায়ীদের বড় একটি অংশ এখন অবৈধ ও রাজস্ব ফাঁকি দেওয়া সিগারেটের দিকে ঝুঁকছে বলে জানিয়েছে একটি গবেষণা প্রতিষ্ঠান। তাদের সাম্প্রতিক তথ্যানুযায়ী, ২০২৫ সালে দেশে প্রায় ৭০০ কোটি শলাকা অবৈধ সিগারেট ব্যবহার হয়েছে, যার ফলে সরকারের প্রায় ৪ হাজার ৭০০ কোটি টাকার রাজস্ব ক্ষতি হয়েছে।
এক সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২৪-২৫ অর্থবছরে সিগারেটের ওপর মোট করভার ছিল ৭৬ শতাংশ, যা পরবর্তী অর্থবছরে বাড়িয়ে ৮৩ শতাংশ করা হয়। তামাকের ব্যবহার কমানো ও রাজস্ব বাড়ানোর উদ্দেশ্যে এই পদক্ষেপ নেওয়া হলেও বাস্তবে অবৈধ বাজারের বিস্তার ঘটেছে। এক বছরের ব্যবধানে অবৈধ সিগারেটের ব্যবহার প্রায় ৫৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা দেশের মোট রাজস্ব আয়ের একটি বড় অংশকে ক্ষতিগ্রস্ত করছে।
বিশেষজ্ঞদের মতে, সিগারেটের দাম অস্বাভাবিকভাবে বাড়লে চোরাচালান ও রাজস্ব ফাঁকির প্রবণতা বাড়ে। তাই কর ও মূল্য নির্ধারণের ক্ষেত্রে যৌক্তিক ভারসাম্য বজায় রাখা প্রয়োজন। একইসঙ্গে অবৈধ বাণিজ্য রোধে কঠোর নজরদারি ও আইনি ব্যবস্থা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেছেন সংশ্লিষ্টরা।
রিপোর্টারের নাম 

























