বস্ত্র, পাট, শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ইরান-ইসরায়েল যুদ্ধের কারণে বাণিজ্যে কিছু প্রভাব পড়তে পারে। বিশেষ করে সাগরপথ দীর্ঘকাল বন্ধ থাকলে নৌপথে পরিবহন ব্যয় বাড়বে। তবে, তিনি আশ্বস্ত করেছেন যে এই মুহূর্তে কোনো দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা নেই। মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের এম এ রুপ জুনিয়র স্কুল মাঠে পারিবারিক কার্ড বিতরণ অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে নির্বাচনের এক মাসের মধ্যেই প্রতিশ্রুতির বাস্তবায়ন হিসেবে দুস্থ মহিলাদের হাতে পারিবারিক কার্ড তুলে দেওয়া হয়েছে। এই কার্ড বিতরণ কার্যক্রমে কোনো প্রকার দলীয়করণ করা হয়নি বলেও তিনি উল্লেখ করেন।
বাণিজ্য মন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগের শাসনামলে দীর্ঘদিন বিনিয়োগের ক্ষেত্রে একটি বন্ধ্যাত্ব বিরাজ করেছিল। বিনিয়োগ না হলে কর্মসংস্থান হয় না, যা মানুষের ক্রয়ক্ষমতা কমিয়ে দেয় এবং দারিদ্র্য বৃদ্ধি করে। তিনি বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে কাজ করার প্রতিশ্রুতি দেন।
এ অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. ইলিয়াস মিয়ার সভাপতিত্বে সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমদ, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন মিলন এবং দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জিব সরকার উপস্থিত ছিলেন।
উল্লেখ করা যায়, সুনামগঞ্জের ১২টি উপজেলার মধ্যে কেবল দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আকিল শাহ, রাধানগর ও উত্তর সূরিয়ারপাড় গ্রামের ৬৯৭ জন নারীর মাঝে পারিবারিক কার্ড বিতরণ করা হয়। কার্ড পেয়ে উপকারভোগী রিতা বেগম প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রিপোর্টারের নাম 
























