চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় বিএনপি নেতাকর্মীদের হামলায় গুরুতর আহত জামায়াত নেতা মফিজুর রহমান চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মঙ্গলবার দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়। গত ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় হাসাদহ বাজারে মফিজুর রহমানসহ চারজন জামায়াত নেতা হামলা শিকার হন।
হামলায় আহতদের মধ্যে মফিজুর রহমান (৩২) ও তার ভাই হাফিজুর রহমান (৪৬) এর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা এভারকেয়ার অরোরা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত রোববার (১ মার্চ) রাত ১টার দিকে হাফিজুর রহমানের মৃত্যু হয়। একই হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন মফিজুর রহমান। প্রায় দশ দিন ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে তিনি হেরে যান।
জামায়াতের জীবননগর উপজেলা আমির মাওলানা সাজেদুর রহমান মফিজুর রহমানের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। জীবননগর থানার অফিসার্স ইনচার্জ সোলাইমান শেখ জানান, তিনি ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মফিজুর রহমানের মৃত্যুর খবর শুনেছেন।
এদিকে, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিন মফিজুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক যৌথ বিবৃতিতে তারা বলেন, ‘আমরা একজন প্রতিভাবান ও দায়িত্বশীল ব্যক্তিকে হারালাম।’
রিপোর্টারের নাম 
























