যশোরের অভয়নগরে ১২টি ককটেলসহ সুলতান গাজী (৩৬) নামে এক চিহ্নিত সন্ত্রাসীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৬ (র্যাব-৬)। সোমবার রাতে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের নাউলী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আটক সুলতান গাজী নাউলী গ্রামের গফ্ফার গাজীর ছেলে। স্থানীয়দের অভিযোগ, তিনি নিষিদ্ধ চরমপন্থী সংগঠনের নেতা গোফরানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।
র্যাব-৬ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যা ৭টার দিকে নাউলী গ্রামে একটি বিশেষ অভিযান চালানো হয়। এই সময় সুলতান গাজীকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে প্রতিবেশী এক চাচার পরিত্যক্ত বাড়ি থেকে লাল টেপে মোড়ানো ১২টি ককটেল উদ্ধার করা হয়। অভিযানটি পরিচালনা করেন র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার এটিএম ফজলে রাব্বী।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিষিদ্ধ চরমপন্থী সংগঠনের নেতা গোফরানের একটি নিজস্ব সন্ত্রাসী বাহিনী রয়েছে। এই বাহিনীর সদস্যরা সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ রয়েছে। এলাকাবাসী দাবি করেছে, সুলতান গাজী ওই বাহিনীর অন্যতম সদস্য। সুলতান গাজী আটক হওয়ায় এলাকায় স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তারা চরমপন্থী নেতা গোফরানসহ তার বাহিনীর অন্য সদস্যদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান সাংবাদিকদের বলেন, র্যাব-৬ এর অভিযানে নাউলী গ্রাম থেকে ১২টি ককটেলসহ সুলতান গাজী নামে এক ব্যক্তিকে আটকের বিষয়টি তিনি শুনেছেন। তবে মধ্যরাত পর্যন্ত আটক ব্যক্তি ও উদ্ধারকৃত ককটেল থানায় হস্তান্তর করা হয়নি।
রিপোর্টারের নাম 

























