দেশজুড়ে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের গোপালবাড়িতে ৪৯৬ জন নারীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হয়েছে। রাজধানীতে সরকার প্রধানের উদ্বোধনের পর বগুড়ায় জেলা প্রশাসক তৌফিকুর রহমান আনুষ্ঠানিকভাবে এই কার্ড বিতরণ করেন। প্রান্তিক জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন উপকারভোগীরা।
প্রাথমিক পর্যায়ে শাখারিয়া ইউনিয়নের গোপালবাড়িতে ৪৯৬ জনকে ফ্যামিলি কার্ড প্রদান করা হলেও, পর্যায়ক্রমে মোট ৮৬৮টি পরিবার এই সুবিধার আওতায় আসবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। কার্ড পাওয়ার পর অনেক গৃহিণী তাদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তারা জানান, এই কার্ডের মাধ্যমে প্রাপ্ত অর্থ তাদের পরিবারের দৈনন্দিন চাহিদা পূরণে সহায়ক হবে। অনেক উপকারভোগী তাদের মোবাইলে ইতোমধ্যে টাকা পাওয়ার কথাও নিশ্চিত করেছেন।
ফ্যামিলি কার্ড গ্রহণকারী রহিমা বেগম বলেন, “কার্ড হাতে পাওয়ার আগেই মোবাইলে টাকা এসেছে। এই টাকা আমাদের পরিবারের অনেক কাজে লাগবে। সরকারের এই উদ্যোগের জন্য আমরা কৃতজ্ঞ।”
বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, “সরকারের এই উদ্যোগ বিশেষত প্রান্তিক পর্যায়ের নারীদের জন্য। আমরা ইতোমধ্যে দেখেছি সবার মোবাইলে টাকা পৌঁছে গেছে। সব মিলিয়ে এই ফ্যামিলি কার্ড বিতরণ একটি শুভ সূচনা।” এসময় স্থানীয় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ এবং জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 






















