কক্সবাজারের উখিয়ায় ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) তাদের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা সম্পন্ন করেছে। গতকাল সোমবার ৮ এপিবিএনের কনফারেন্স রুমে ব্যাটালিয়নের অধিনায়ক (ভারপ্রাপ্ত) রিয়াজ উদ্দিন আহম্মেদ পিপিএমের সভাপতিত্বে এই গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।
এপিবিএন সূত্রে জানা গেছে, সভায় ব্যাটালিয়নের গত ফেব্রুয়ারি ২০২৬ মাসের সার্বিক কল্যাণমূলক কার্যক্রম, অপরাধ পরিস্থিতি এবং অন্যান্য বিভিন্ন কার্যক্রম পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করা হয়। এসব কার্যক্রম আরও কার্যকরভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ও সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
সভাপতির বক্তব্যে রিয়াজ উদ্দিন আহম্মেদ রোহিঙ্গা ক্যাম্পে অবস্থানরত জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের (এফডিএমএন) নিরাপত্তা নিশ্চিত করা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। তিনি মাদক উদ্ধারসহ বিভিন্ন আভিযানিক কার্যক্রম জোরদার করতে এবং দুষ্কৃতিকারীদের গ্রেফতারে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা প্রদান করেন।
এ সময় অধিনায়ক পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা এবং সততার সঙ্গে দায়িত্ব পালনের ওপর বিশেষ গুরুত্বারোপ করে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। সভায় ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, পুলিশ পরিদর্শকসহ অন্যান্য কর্মকর্তা ও ফোর্স সদস্যরা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 






















