সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার জয়ানপুর গ্রামে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে এক কৃষকের দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। সোমবার (৯ মার্চ) সন্ধ্যা সাতটার দিকে ধানগড়া ইউনিয়নের জয়ানপুর গ্রামের মো. সাদ্দাম শেখের বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। সাদ্দাম শেখ ওই গ্রামের মো. হুজুর আলী শেখের ছেলে।
জানা যায়, সোমবার সন্ধ্যায় সাদ্দাম শেখের বাড়িতে ব্যবহৃত বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আকস্মিকভাবে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন দুটি বসতঘরে ছড়িয়ে পড়ে এবং ঘরের আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামালসহ সবকিছু পুড়ে ভস্মীভূত হয়ে যায়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ পাঁচ লাখ টাকা নিরূপণ করা হয়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষক সাদ্দাম শেখ জানান, আগুনে তার বসতঘর ও মূল্যবান মালামাল পুড়ে যাওয়ায় তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন এবং মানসিকভাবে বিপর্যস্ত।
রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল খালেক পাটোয়ারী বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এসেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টারের নাম 






















