চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের (জেসিডি) নেতা বানিয়ে স্থানীয় এক বিএনপি নেতাকে বহিষ্কার করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতারা এই অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে নবাবগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জসিম উদ্দিন বলেন, গত ৬ ফেব্রুয়ারি কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগ এনে দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার করেন। বহিষ্কৃতদের মধ্যে একজন হলেন স্থানীয় ওয়ার্ড বিএনপির সহ-সম্পাদক মো. মুন্না। অথচ তিনি ছাত্রদলের কোনো কমিটিতেই ছিলেন না, তাকে ছাত্রদলের নেতা বানিয়ে বহিষ্কার করা হয়েছে। এছাড়াও, তিনি ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধে কোনো নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণও করেননি বলে দাবি করা হয়। এমন বিভ্রান্তি নিরসন হওয়া প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
এদিকে, ভুক্তভোগী বিএনপি নেতা মো. মুন্না জানান, দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক জীবনে তার নামে ১৭টি মামলা হয়েছে। তিনি ৬ বার কারাভোগ করেছেন এবং গুম ও নির্যাতনের শিকার হয়েছেন।
স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি দুরুল হোদা বলেন, মুন্না জমিজমা বিক্রি করে রাজনীতিতে এসেছেন এবং তার নামে একাধিক মামলাও হয়েছে। সংবাদ সম্মেলনে স্থানীয় ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি গোলাম মোস্তফা, স্থানীয় যুবদল সভাপতি ইয়াসিন আলীসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 























