পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর সুমন কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসের সঙ্গে জড়িত কাউকেই কোনো ছাড় দেওয়া হবে না। তিনি স্পষ্ট জানিয়ে দেন, কেউ যদি তার নাম বা প্রভাব খাটিয়ে আইন-শৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করে, তবে সে যতই প্রভাবশালী হোক না কেন, তাকে আইনের কঠোর আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। তিনি প্রশাসনকে এ বিষয়ে সর্বোচ্চ সতর্ক থেকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। প্রতিমন্ত্রী আরও বলেন, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী বা নৈরাজ্য সৃষ্টিকারীরা কোনো দলের নয় এবং এদেরকে আশ্রয়-প্রশ্রয় দিলে তারাও একই অপরাধের শামিল হবেন।
সোমবার নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দত্ত-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা সভা, প্রশাসনের সঙ্গে মতবিনিময় এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দিনব্যাপী এই কর্মসূচিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। প্রতিমন্ত্রী জনগণের সেবা নিশ্চিত করতে সরকারি কর্মকর্তাদের যথাসময়ে অফিসে উপস্থিত থেকে দায়িত্ব পালনের ওপর জোর দেন এবং কোনো ধরনের গাফিলতি বা অবহেলা সহ্য করা হবে না বলে জানান। তিনি বলেন, জনগণের করের টাকায় পরিচালিত সরকারি প্রতিষ্ঠানগুলোকে জনগণের কল্যাণে সর্বোচ্চ দক্ষতার সঙ্গে কাজ করতে হবে।
উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে প্রতিমন্ত্রী স্বরূপকাঠি উপজেলার বিভিন্ন অবকাঠামো উন্নয়নের বিষয়েও গুরুত্বারোপ করেন। তিনি বানারীপাড়া–ছারছিনা–স্বরূপকাঠি–কাউখালী–নৈকাঠি–পিরোজপুর সড়কের প্রায় ৩২ কিলোমিটার উন্নয়ন প্রকল্পের অগ্রগতি তুলে ধরেন এবং নাপিতখালী সেতুর ৬৯.০৪২ মিটার দৈর্ঘ্যের সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন কার্যক্রমের কথা উল্লেখ করেন। তিনি আশা ব্যক্ত করেন যে, এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে।
এছাড়া, প্রতিমন্ত্রী স্বরূপকাঠি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ কাম সাইক্লোন সেন্টারের শুভ উদ্বোধন করেন এবং এলজিইডি বাস্তবায়িত ‘উপকূলীয় শহর জলবায়ু সহিষ্ণু প্রকল্প’-এর বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। তিনি বলেন, উপকূলীয় এলাকার মানুষের নিরাপত্তা ও দুর্যোগ মোকাবিলায় এসব প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর আগে তিনি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক পরিচিতি সভায়ও অংশগ্রহণ করেন।
রিপোর্টারের নাম 

























