জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া দলীয় নেতাকর্মীদের প্রতি কড়া নির্দেশ দিয়েছেন যে, তারা যেন কোনোভাবেই পুলিশ ও প্রশাসনের সঙ্গে কোনো ধরনের দ্বন্দ্বে বা সংঘাতে না জড়ান। তিনি স্পষ্ট করে বলেছেন, কারও ব্যক্তিগত কোনো সমস্যা থাকলে তা নিজ উদ্যোগে সমাধান করার চেষ্টা করতে হবে, কিন্তু কোনো অবস্থাতেই প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী বা পুলিশের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা যাবে না।
সোমবার (৯ মার্চ) বিকেলে খানসামা উপজেলার উপজেলা হলরুম কমপ্লেক্সে উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হুইপ আখতারুজ্জামান মিয়া বলেন, দেশ বর্তমানে একটি কঠিন সময় পার করছে এবং ভবিষ্যতে আরও চ্যালেঞ্জ আসতে পারে। এই পরিস্থিতিতে দলীয় নেতাকর্মীদের আরও বেশি শৃঙ্খলাবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি। তার মতে, অতীতে আন্দোলন, মিছিল বা হরতাল করার সুযোগ থাকলেও এখন পরিস্থিতি পরিবর্তিত হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগের চেয়ে অনেক বেশি সক্রিয়। তাই সকলকেই দায়িত্বশীল আচরণ করতে হবে।
তিনি আরও সতর্ক করেন যে, কিছু সুবিধাবাদী গোষ্ঠী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করার চেষ্টা করতে পারে। তাই এই ধরনের অপতৎপরতার বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে এবং কোনোভাবেই তাদের সুযোগ দেওয়া যাবে না। এছাড়া, তিনি গুজব ও অপপ্রচার সম্পর্কেও সচেতন থাকার আহ্বান জানান। তিনি বলেন, বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভুয়া তথ্য ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, যা সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। তাই এআই-এর অপব্যবহার সম্পর্কেও সকলকে সচেতন থাকতে হবে।
উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক চৌধুরীর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সদস্য সফিকুল ইসলামর সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক রবিউল আলম তুহিন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহেদ শাহ, মোসলেম উদ্দিন সরকারসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
রিপোর্টারের নাম 

























