অবৈধভাবে মাটি কাটা ও খাল ভরাটের অভিযোগে সিলেট সদর উপজেলা প্রশাসন কর্তৃক পরিচালিত মোবাইল কোর্টে এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৯ মার্চ) সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নের কল্লগ্রাম এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোশনূর রুবাইয়াং। অভিযানে তাকে সহায়তা করেন সিলেট সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সরকার মামুনুর রশীদ। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি মো. আব্দুল হান্নান কল্লগ্রামের নিকটবর্তী কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি (টপ সয়েল) কেটে হৈরখাল ভরাট করছিলেন।
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ লঙ্ঘনের দায়ে তাকে এই দণ্ডাদেশ দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। অভিযানে মাটি কাটার কাজে ব্যবহৃত দুটি ড্রেজারও জব্দ করা হয়েছে। এর মধ্যে একটি সিলেট সিটি কর্পোরেশন এবং অপরটি সিলেট সদর উপজেলা পরিষদের অনুকূলে বিলিবন্দেজ প্রদান করা হয়েছে।
রিপোর্টারের নাম 

























