অবৈধভাবে শিশু খাদ্য সরবরাহের অভিযোগে রংপুরে দুটি প্রতিষ্ঠানকে মোট ১ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসন, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং ভোক্তা অধিদপ্তর পরিচালিত একটি ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা আরোপ করে। অভিযানের সময় বিপুল পরিমাণ ভেজাল ও অবৈধ শিশু খাদ্য সামগ্রী জব্দ করে ধ্বংস করা হয়।
সোমবার (৯ মার্চ) দুপুরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে নগরীর কামালকাছনা কুটিরপাড়ায় অবস্থিত দানেশ ট্রেডার্সে এই অভিযান চালানো হয়। সেখানে মজা, সেভেন আপ, তাজা জুস সহ বিভিন্ন ধরনের শিশু খাদ্য দ্রব্য অবৈধভাবে সরবরাহ করা হচ্ছিল। অভিযানের পর দানেশ ট্রেডার্সের মালিক দানেশ মিয়াকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত পণ্য ধ্বংস করা হয়।
একই এলাকার রুমন ট্রেডার্সের দুটি গোডাউনেও অভিযান চালানো হয়। সেখানেও বিপুল পরিমাণ ভেজাল শিশু খাদ্য সামগ্রী পাওয়া যায়। রুমন ট্রেডার্সের মালিক আংগুর মিয়াকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং সতর্ক করা হয়। এই অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তমাল আজাদ ও নুসরাত আরা, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এফএসও লোকমান হোসাইন, ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান এবং এনএসআই এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযান পরিচালনাকারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তমাল আজাদ জানিয়েছেন, ভেজাল খাদ্যসহ অবৈধ বিভিন্ন পণ্যের গোডাউন ও দোকানে অভিযান এবং আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।
রিপোর্টারের নাম 

























