গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে এবং সমাজের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরবে—এটাই সরকারের প্রত্যাশা। সরকার চায় গণমাধ্যম দায়িত্বশীলতার সঙ্গে কাজ করুক, এমনটাই জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি।
সোমবার (৯ মার্চ ২০২৬) সকালে ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্য ও পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সভায় প্রতিমন্ত্রী জানান, দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই। বাংলাদেশ সরকারের কাছে পর্যাপ্ত পেট্রোল ও ডিজেল মজুদ রয়েছে। কোথাও পেট্রোল বা ডিজেল পাওয়া যাচ্ছে না—এমন অভিযোগ উঠলে তা দ্রুত নজরদারির আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে অতীতে লুট হওয়া অবৈধ অস্ত্র উদ্ধারে আইন-শৃঙ্খলা বাহিনীকে আরও জোরালোভাবে কাজ করতে হবে। গত ৫ আগস্টের ঘটনার পর দেশের বিভিন্ন জায়গায় অস্ত্র লুটের ঘটনা ঘটেছে। যদিও ময়মনসিংহে তেমন কোনো ঘটনা ঘটেনি, তবুও অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান আরও জোরদার করতে হবে। পাশাপাশি অতীতে যেসব ব্যক্তিকে অযোগ্য হয়েও অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে, সেগুলো পুনর্মূল্যায়নের প্রয়োজন রয়েছে।
ময়মনসিংহ শহরের যানজট প্রসঙ্গে তথ্য প্রতিমন্ত্রী বলেন, যানজটের জন্য রাস্তার সংকট নয়, বরং ব্যবস্থাপনার অভাবই মূল কারণ। অবৈধ স্থাপনা, ফুটপাত দখল এবং অনিয়ন্ত্রিত যানবাহনের কারণে শহরের বিভিন্ন সড়কে যানজট তৈরি হচ্ছে। এ সমস্যা সমাধানে অবৈধ দখল উচ্ছেদে প্রশাসনের উদ্যোগকে সবাইকে সহযোগিতা করতে হবে।
মাদক নিয়ন্ত্রণের বিষয়ে তিনি বলেন, শুধু মাদকসেবীদের আটক করলেই সমস্যার সমাধান হবে না; মাদকের উৎস ও সরবরাহ বন্ধ করতে হবে। এজন্য যানবাহনে তল্লাশি বাড়ানো এবং উপজেলা ভিত্তিক গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
কিশোর গ্যাং প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এটি এখন সারা দেশের জন্য বড় সামাজিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এ সমস্যা প্রতিরোধে পরিবার ও অভিভাবকদের সচেতন ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্তানদের প্রতি নজরদারি বাড়াতে হবে এবং সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি আরও জানান, সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বিশেষ করে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড সম্পর্কে জনগণকে সচেতন করতে হবে।
রিপোর্টারের নাম 

























