বগুড়ার শেরপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষে জামিল শেখ (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত জামিল পল্লী উন্নয়ন একাডেমি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, মাঠে ফুটবল ম্যাচ চলাকালে গোল দেওয়া নিয়ে খেলোয়াড়দের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নিলে জামিল পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। এ সময় শাকিল নামে এক খেলোয়াড় তাকে পেটে লাথিসহ এলোপাতাড়ি কিল-ঘুষি মারলে সে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
শাহবন্দেগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মইনুদ্দিন জানিয়েছেন, এ ঘটনায় অভিযোগ সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক থাকলেও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
রিপোর্টারের নাম 
























