কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের কাজীরচর গ্রামে আড়িয়াল খাঁ নদের তলদেশ দিয়ে যাওয়া তিতাস গ্যাসের প্রধান সঞ্চালন পাইপলাইনে ভয়াবহ লিকেজের ঘটনা ঘটেছে। নদীর পানির নিচ থেকে উচ্চচাপে গ্যাস বের হওয়ায় বুদবুদ সৃষ্টি হচ্ছে এবং বাতাসে তীব্র গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়ছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক তৈরি করেছে।
স্থানীয়দের অভিযোগ, নদের পাড়ে অবৈধভাবে চুন তৈরির কারখানা স্থাপনের সময় পাইপলাইনটি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় তিন দশক আগে স্থাপিত এই পাইপলাইনের ওয়েল্ডিং জয়েন্টে ছিদ্র হওয়ায় নিরবচ্ছিন্নভাবে গ্যাস বের হচ্ছে। জানা গেছে, কারখানা মালিক ও তার সহযোগীরা গত জুনের দিকে রাতের অন্ধকারে পাইপলাইনে সংযোগ নেওয়ার অপচেষ্টা চালিয়েছিলেন, যা সফল না হওয়ায় পাইপটি ফুটো হয়ে যায়।
অভিযোগ ওঠার পর কারখানাটি বন্ধ করে মালিক ও সংশ্লিষ্টরা গা ঢাকা দিয়েছেন। দীর্ঘ সময় ধরে গ্যাস নিঃসৃত হলেও এখন পর্যন্ত তা পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এ ঘটনায় স্থানীয় জনমনে পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে।
রিপোর্টারের নাম 
























