হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে ওমানের সঙ্গে একটি অস্থায়ী নৌপথ তৈরির বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে ইরান। তেহরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আঞ্চলিক উত্তেজনা কমাতে এই কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়েছে। তবে ওয়াশিংটনের সঙ্গে কোনো ধরনের সরাসরি আলোচনার সম্ভাবনা আবারও নাকচ করে দিয়েছে দেশটি।
ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, ওমানের সঙ্গে আলোচনার মূল লক্ষ্য হলো প্রণালিতে ইরান ও ওমানের বিদ্যমান নৌপথগুলোকে একত্রিত করে একটি সাময়িক একক নৌপথ তৈরি করা। এটি বাস্তবায়িত হলে তা বৈশ্বিক বাণিজ্যের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে। যদিও এই আলোচনার সাথে কাতার ও পাকিস্তান মধ্যস্থতাকারী হিসেবে নেপথ্যে কাজ করছে।
তবে কূটনৈতিক আলোচনার পাশাপাশি সামরিক প্রস্তুতিও বজায় রেখেছে তেহরান। ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, যেকোনো বহিঃশত্রুর হুমকি মোকাবিলায় তারা সম্পূর্ণ প্রস্তুত। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডও বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিতে তাদের প্রস্তুতির কথা জানিয়েছে। বিশ্লেষকদের মতে, বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার এই স্নায়ুযুদ্ধ নিরসনে কূটনৈতিক আলোচনা কতটুকু কার্যকর হয়, তা দেখার অপেক্ষায় বিশ্ববাসী।
রিপোর্টারের নাম 

























