ইনকিলাব মঞ্চের নেতা শহীদ শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে ভারতের পশ্চিমবঙ্গে গ্রেপ্তার করা হয়েছে। তাদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার দুপুরে কক্সবাজার জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হাদি হত্যা মামলার দুই আসামি ভারতে গ্রেপ্তার হয়েছেন। তাদের ফিরিয়ে আনার জন্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের আসামি হস্তান্তর বিষয়ে দ্বিপাক্ষিক চুক্তি রয়েছে। সেই চুক্তি অনুযায়ী শিগগিরই তাদের দেশে ফেরত আনা সম্ভব হবে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সক্রিয়ভাবে কাজ করছে।
এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, সরকার কোনোভাবেই সন্ত্রাস, চাঁদাবাজি বা সংঘবদ্ধ অপরাধকে প্রশ্রয় দেবে না। রমজানের পরপরই সারা দেশে সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি এই সরকারের প্রতিশ্রুতি এবং জনগণের প্রত্যাশা।
রিপোর্টারের নাম 

























