গাজীপুরের টঙ্গীতে তিন মাসের বকেয়া বেতন পরিশোধ না করে কারখানা বন্ধ করে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন শ্রমিকেরা। শনিবার দুপুরে টঙ্গী প্রেসক্লাবের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। এতে আলট্রা ওয়াশিং অ্যান্ড ডায়িং লিমিটেডের দেড় শতাধিক ভুক্তভোগী শ্রমিক অংশ নেন।
আন্দোলনরত শ্রমিকরা জানান, টঙ্গী পশ্চিম থানাধীন কাঁঠালদিয়া এলাকার ‘আলট্রা ওয়াশিং অ্যান্ড ডায়িং লিমিটেড’ কর্তৃপক্ষ কোনো ধরনের পূর্ব ঘোষণা বা নোটিশ ছাড়াই হঠাৎ কারখানাটি বন্ধ করে দেয়। গত তিন মাস ধরে বেতন না পাওয়ায় দেড় শতাধিক শ্রমিকের পরিবার এখন চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। বকেয়া না পেয়ে অনেক শ্রমিকের ঘরে চুলা জ্বলছে না, সন্তানদের পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এছাড়া ঘরভাড়া ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বকেয়া মেটাতে না পেরে মানবেতর জীবনযাপন করছেন তারা।
বিক্ষোভে অংশ নেওয়া জাকির হোসেন নামে এক শ্রমিক ক্ষোভ প্রকাশ করে বলেন, “বেতন পরিশোধের বিষয়ে কর্তৃপক্ষ বারবার সময় নিয়েও কথা রাখেনি। তারা শুধু আশ্বাসই দিয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত একটি টাকাও দেয়নি। এখন কারখানা কবে খুলবে বা আমাদের পাওনা কবে মেটানো হবে, সে বিষয়ে তারা সম্পূর্ণ নিশ্চুপ।”
শনিবার বেলা ১২টার দিকে টঙ্গী প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন শেষে শ্রমিকেরা মিছিল নিয়ে কারখানার প্রধান ফটকের সামনে গিয়ে অবস্থান নেন। এ সময় তারা দ্রুত বকেয়া বেতন পরিশোধ এবং কারখানা পুনরায় চালুর সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি জানান। দাবি আদায় না হলে আগামীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধসহ আরও কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন শ্রমিক নেতারা।
এ বিষয়ে বক্তব্য জানতে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও দায়িত্বশীল কাউকে পাওয়া যায়নি। এমনকি কারখানা চত্বরেও মালিকপক্ষের কাউকে দেখা যায়নি।
রিপোর্টারের নাম 























