দিনাজপুরের চিরিরবন্দরে দ্রুতগামী একটি বাসের চাপায় রাকিব হোসেন (২৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার সকাল পৌনে ৭টার দিকে উপজেলার ফতেজংপুর ইউনিয়নের চম্পাতলী বাজার সংলগ্ন তৈইপাড়া এলাকায় দশমাইল-সৈয়দপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রাকিব হোসেন ঠাকুরগাঁও জেলার হরিহরপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি আরএফএল কোম্পানিতে বিক্রয় প্রতিনিধি (এসআর) হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে রাকিব মোটরসাইকেলযোগে ঠাকুরগাঁও থেকে নীলফামারীর সৈয়দপুরে তার কর্মস্থলে যাচ্ছিলেন। পথে চম্পাতলী বাজারের পূর্ব পাশে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির বাস তাকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই ঘাতক বাসটি নিয়ে চালক দ্রুত পালিয়ে যায়।
এদিকে, দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিক্ষুব্ধ জনতা ঘাতক বাসটি আটক ও নিরাপদ সড়কের দাবিতে মহাসড়ক অবরোধ করেন। এতে সড়কের দুই পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
খবর পেয়ে দশমাইল হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং স্থানীয়দের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
দশমাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ঘাতক বাসটিকে শনাক্ত করার চেষ্টা চলছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
রিপোর্টারের নাম 























