হবিগঞ্জ জেলা কেন্দ্রীয় ঈদগাঁহ ময়দানে লক্ষাধিক মানুষের সমাগম ঘটিয়ে ৬ হাজার রোজাদারের জন্য এক বিশাল ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। এই বিশেষ আয়োজনটি করা হয় প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা এবং বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার আনন্দ উদযাপনের অংশ হিসেবে।
শুক্রবার অনুষ্ঠিত এই ইফতার মাহফিলের আয়োজক ছিলেন হবিগঞ্জ-৩ (সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ) আসনের সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জি কে গউছ। হবিগঞ্জে কোনো জনপ্রতিনিধির উদ্যোগে এত বড় পরিসরে ঈদগাহ ময়দানে এটিই প্রথম ইফতার আয়োজন বলে জানা গেছে।
ইফতারের পূর্বে দেশ ও জাতির সার্বিক কল্যাণ, শান্তি এবং সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন প্রার্থনা করা হয়।
এই মাহফিলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলামসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, জোটের নেতৃবৃন্দ, আইনজীবী, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। খতিব ও ইমামরাও এই অনুষ্ঠানে অংশ নিয়ে দেশবাসীর জন্য দোয়া করেন।
রিপোর্টারের নাম 




















