বান্দরবান জেলার লামা উপজেলায় প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারগুলোকে সুরক্ষা প্রদানের লক্ষ্যে ‘ফ্যামিলি কার্ড’ তথ্য জরিপ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। দুর্গম পাহাড়ি অঞ্চল ফাঁসিয়াখালী ইউনিয়নের পশ্চিম হারগাজা মার্মাপাড়ায় তথ্য সংগ্রহের মধ্য দিয়ে এই গুরুত্বপূর্ণ উদ্যোগের সূচনা করা হয়।
শুক্রবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সমাজসেবা কর্মকর্তা তানবীর আলম, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপজেলা শাখার সাবেক সভাপতি আব্দুর রব, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জাকের হোসেন মজুমদার এবং স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
লামা উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন জানান, ‘ফ্যামিলি কার্ড’ প্রকল্পটির প্রথম পর্যায় ফাঁসিয়াখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডে বাস্তবায়ন করা হবে। এই লক্ষ্যে ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে সংশ্লিষ্ট কমিটিগুলোর সভা ইতিমধ্যে উপজেলা কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে, জরিপ কার্যক্রমে প্রতিটি গ্রামে একজন করে ট্যাগ অফিসার, ওয়ার্ড পর্যায়ে তদারকির জন্য একজন প্রাণিসম্পদ কর্মকর্তা এবং ইউনিয়ন পর্যায়ে সমবায় কর্মকর্তা ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, দেশের প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারগুলোর জীবনমান উন্নয়নে এবং তাদের নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিত করতে প্রধানমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালু করার উদ্যোগ নিয়েছেন। এই প্রকল্পের আওতায় কার্ডধারীরা প্রতি মাসে আড়াই হাজার টাকা অথবা সমমূল্যের নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ পাবেন। এই জরিপের মাধ্যমে যোগ্য সুবিধাভোগীদের তালিকা প্রস্তুত করা হবে, যা প্রকল্পের সফল বাস্তবায়নে সহায়ক হবে।
রিপোর্টারের নাম 





















